Home » Education » শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

 দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আবারো বাড়ানো হয়েছে। আগামী ০৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির ঘোষণা দিয়ে রেখেছিল সরকার।

তবে ছুটি যে আরও বাড়বে, তা বুধবারই এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, সেই তারিখ আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার পরীক্ষাগুলো নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top