Home » National university » ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা ২৬ ডিসেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা ২৬ ডিসেম্বর শুরু

আগামী ২৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।পরীক্ষার সময়সূচি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে জানতে পারবেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাসমূহ তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাব-কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা গ্রহণ করবে। শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেয়া হবে।’’

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top