Home » Education » এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে- সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রনালয়ের নামে ভুয়া ফেসবুকে পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। উল্লেখিত বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হল।

এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো- স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ও সিদ্ধান্ত নেওয়া হবে।

ভুয়া কোনো পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড নামের একটি ভুয়া পেজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর–শিক্ষা মন্ত্রণালয়।’ যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ (https://www.facebook.com/moebdgov) রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে এই পেজ ছাড়া অন্য কোনো পেজের তথ্য বিশ্বাস করে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top